দুর্দান্ত দাপটে পাকিস্তানকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি মাসের ৬ তারিখ ক্যারিবিয়ানদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের সেরা অল-রাউন্ডার আন্দ্রে রাসেলের হাঁটুর চোট। যদিও রাসেল নিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগ্রাসী বোলিং করতে মুখিয়ে রয়েছেন। প্রকাশ্যেই অজিদের হুমকি দিয়ে রেখেছেন এই দীর্ঘদেহী ক্রিকেটার।
ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ শত্রুতার কথা সবারই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাসেলের বিষাক্ত বাউন্সার আছড়ে পড়েছিল উসমান খোয়াজার হেলমেটে। মাঠ ছাড়তে হয় তাকে। ৬ তারিখ রাসেলের হাত থেকে বেরোতে পারে এমনই একাধিক বাউন্সার। আফগানিস্তানের বিপক্ষে আজ যখন অজিরা নিজেদের প্রথম ম্যাচ খেলছে, তখন তাদের মানসিক প্রস্তুতি নেওয়ার ‘হুমকি’ দিয়ে রাসেল বলেন, ‘অস্ট্রেলিয়ানরা ফাস্ট বোলিং খেলতে দক্ষ। কিন্তু আমিও আগ্রাসী বোলিং করতে প্রস্তুত। অনেক কিছুই ঘটতে পারে।’

শুক্রবার ১৪৫ কিলোমিটার বেগে গতির ঝড় তুলেছিলেন রাসেল। তার করা মোট ১৮ বলের স্পেলে ৭টি শর্ট বাকি ৮টি শর্ট অব লেংথ বল ছিল। নিজের ‘মিডিয়াম পেসার’ তকমার বিরুদ্ধে তিনি বলেন, ‘আমি একজন ফাস্ট বোলার। অনেকেই বলেন আমি দলে শুধু একজন বিগ হিটার হিসেবেই থাকি, কিন্তু তারা ভুলে যান যে আমি একজন ফাস্ট বোলার। দিন শেষে আমি অন্তত তাদের দেখিয়েছি আমি ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারি। আমার মতে আমার নামের পাশে তাদের কিছুটা হলেও সম্মান দেখানো উচিত।’
পাকিস্তানের বিপক্ষে বল করার সময়ে হাঁটুতে চোট পান রাসেল। সেই চোটের জন্য মাত্র ৪ ওভার বল করে মাঠ ছাড়তে হয় ক্যারিবিয়ান-তারকাকে। অতীতেও হাঁটুর চোটে ভুগতে হয়েছে তাকে। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার উত্তেজনা ধরা পড়ে রাসেলের কথায়। তিনি বলেন, ‘বছর খানেক ধরে এই হাঁটুর চোট নিয়েই খেলে চলেছি। ব্যথা কখনও কখনও মাত্রা ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে আমার হাতে এখনও পাঁচ দিন সময় আছে। মাঠে ফিরে আসার জন্য এটা যথেষ্ট সময় বলেই মনে করি।’
