প্রসংশিত জয়া-অনিমেষের স্নিগ্ধ রসায়ন

‘দোয়েল পাখি কন্যা রে’ এর পর ‘দেবী’ ছবির নতুন গান প্রকাশ করা হয়েছে। ‘দু মুঠো বিকেল’ শিরানামের গানটি লেখার পাশাপাশি এতে কণ্ঠ ও সুর দিয়েছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। নতুন এই গানটিতে ফুটে উঠেছে রানু ও আনিস চরিত্রে অভিনয় করা জয়া আহসান ও অনিমেষ আইচের স্নিগ্ধ প্রেমের রসায়ন।

সোমবার গানটি প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রপ্রেমীরা। একজন লিখেছেন, অনুপম রায় প্রথমবারের মতো বাংলাদেশে গাইল। কাল থেকে অপেক্ষা করছি কখন ১১টা বাজবে। খুবই চমৎকারে! আমার মনে হয় দেবী-ই হবে পরবর্তী ব্লকবাস্টার।

অন্য একজন লিখেছেন, ‘এ বছরের সেরা ছবি হবে দেবী। আমি খুব আশাবাদী জয়া, চঞ্চলের অভিনয় নিয়ে। আর গল্প তো হুমায়ূন আহমেদ স্যারের।’

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে দেবী। অনম বিশ্বাস পরিচালিত এ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।