প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। বিশেষ করে শ্রমিকদের পাঠানো অর্থে বাংলাদেশ ব্যাংকের রিভার্জ এ যাবৎকালের রেকর্ড ভেঙেছে। অথচ এই অর্থ রোজগার সঞ্চয়ের পেছনে যে তাদের কতটা ঘামঝরা কষ্ট রয়েছে সেটা কেউ দেখে না। না তাদের পরিবার, না রাষ্ট্র।
বরং দেশে ফেরার সময় এয়ারপোর্টে ভোগান্তির শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। বিদেশের মাটিতে তারা কীভাবে কাজ করেন, কীভাবে কষ্ট করে দিন যাপন করেন সেটা এবার সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ছবির নাম দিয়েছেন ‘পাইলট’।
বর্তমানে ছবিটির প্রিপ্রোডাকশনের কাজ চলছে। এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘শুটিংসহ বিভিন্ন কাজে প্রায়ই দেশের বাইরে যাই। বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তারা পরিবারের সদস্যদের মুখে হাসি ধরে রাখতে কতটা কষ্ট করেন সেটা কেউ জানে না।
আবার তাদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকাও সচল থাকে। অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হন। এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের গল্প পর্দায় তুলে ধরতে চাই। এ লক্ষ্যেই আমি ছবিটি তৈরি করব। শিগ্গির এ নিয়ে বিস্তারিত জানাব।’ কুরবানি ঈদের পর কাতারে ছবিটির শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।
