ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব আল হাসানের ফেরাটা ছিল অনেকটা বিস্ময়ের। মাস দেড়েক আগেও আঙুলের চোট যে অবস্থায় ছিল তিনি এখনি ফিরছেন এই প্রত্যাশা ছিল কম। দ্রুত সেরে উঠায় নেন মাঠে নামার সিদ্ধান্ত। তবে অপর্যাপ্ত অনুশীলনের কারণে টেস্ট শুরুর আগের দিনও ছিলেন ভাবনায়।
সাকিব বললেন প্রথম ইনিংসে ব্যাট করতে নামার সময় অনেক স্নায়ুচাপ কাবু করেছিল তাকে।প্রথম দিনে বাংলাদেশের ৩ উইকেট পড়ার পর ব্যাট হাত নামেন সাকিব। উইকেটে গিয়ে আউট হওয়ার আগ পর্যন্ত ব্যাট করেছেন স্বচ্ছন্দেই।
এর আগে ড্রেসিংরুমে নাকি নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি, ‘ড্রেসিং রুমে অনেক নার্ভাস ছিলাম। তবে যখন মাঠে এসেছি তখন যতটা ভেবেছি ততটা নার্ভাস লাগে নি। আর প্রথম বল পুরো আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। খুব ভাগ্যবান ছিলাম।’
চোটের কারণে সাকিবের মূল সমস্যা ছিল ব্যাট ধরায়। কড়ে আঙুলে বোলিংয়ে তেমন ব্যবহৃত হয় না বলে বল করতে তেমন অসুবিধা ছিল না। তবে সমস্যা ছিল ফিল্ডিংয়ে। এই টেস্টের অনুশীলন সেশনগুলোতেও ফিল্ডিংয়ে নড়বড়ে দেখা গেছে তাকে।
