প্রথমার্ধে সুইডেনের জালে ইংল্যান্ডের এক গোল

১২ বছর পর কোয়ার্টার ফাইনালে ফিরে তৃতীয় সেমিফাইনালে ওঠার সুযোগ ইংল্যান্ডের সামনে। সামারা অ্যারেনায় দারুণ শুরু হয়েছে তাদের। প্রথমার্ধে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে ইংলিশরা।

শুরু থেকে কোনও ঝুঁকি নিয়ে খেলেনি দুই দল। বেশ সতর্ক ছিল তারা। ম্যাচের প্রথম সুযোগ নষ্ট করে ইংল্যান্ড ১৯ মিনিটে। রহিম স্টারলিং ডিবক্সের মধ্যে থেকে হ্যারি কেইনকে বল ফেরত পাঠান। টটেনহ্যাম হটস্পার তারকার শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

ইংল্যান্ড ৩০ মিনিটে এগিয়ে যায়। অ্যাশলে ইয়ংয়ের কর্নার থেকে বল ডিবক্সের মাঝে পাঠান। একটু লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে মাগুইর জালে বল জড়ান।

এই বিশ্বকাপে এটি ছিল ইংল্যান্ডের ১০ নম্বর গোল। ১৯৬৬ সালের পর প্রথমবার ১০ গোল করল তারা। বিরতিতে যাওয়ার আগে স্টারলিং দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৪৩ মিনিটে ট্রিপিয়ের তুলে দেওয়া পাস ‍সুইডিশ রক্ষণভাগ ভেদ করে বক্সে পান তিনি, কিন্তু শট নেওয়ার আগে লিন্ডেলফ বল বিপদমুক্ত করেন।

দুই মিনিট পর আবারও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি স্টারলিং। মাঝমাঠ থেকে পাওয়া পাসে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকেও সুইডিশ গোলরক্ষক ওলসেন বাধা হয়ে দাঁড়ান। ওলসেনের হাত ফসকে বল বেরিয়ে গেলেও সময় নষ্ট করায় দ্বিতীয়বার ব্যর্থ হন স্টারলিং। গোল ডটকম