আসছে প্রতীক ও প্রীতম হাসানের বিয়ে সম্পর্কিত নতুন আরো একটি গান। শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। গেল বছর প্রতীক-প্রীতম হাসান ভ্রাতৃদ্বয় এনেছিলেন ‘বেয়াইন সাব’ গানের ভিডিও। বেশ আলোচিত হয়েছিল বিয়ের এ গানটি।
প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বেয়াইন সাব’ গানটিতে প্রথমবারের মতো অভিনয় করেন অভিনেতা জাহিদ হাসান। এবার একই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন গানটি নিয়ে আসছেন দুই ভাই।
এতে তাদের প্রেমিকার ভূমিকায় থাকছেন টয়া। আগামী ২ আগস্ট ভিডিওটি প্রকাশ হবে বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। ‘গার্লফ্রেন্ডের বিয়া’-তে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও প্রতীক- দুজনই। লুৎফর হাসানের কথায় এর সুর ও সংগীত করেছেন প্রীতম নিজেই।
প্রতীক হাসান বলেন, ’আমাদের কাছে শ্রোতারা যে শুনতে চান এবারও সে ধরনের একটি গানই হয়েছে। এই গানের মধ্যে মাস্তি আছে, মজা আছে।’
জানা যায়, চলতি সপ্তাহে বিএফডিসিতে সেট বসিয়ে গানটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। আর অতিথি হিসেবে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এর আগে গানচিল থেকে প্রকাশিত হাবিবের ‘ঝড়’ গানের ভিডিওতে অতিথি চরিত্রে ছিলেন প্রীতম হাসান!
প্রীতম হাসান বলেন, ‘আমি সব সময় নতুন কথা এবং মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটি অনেক ইন্টারেস্টিং। গানের গল্পের সাথে মিল রেখেই অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। যেখানে আমাদের প্রিয় হাবিব ভাইও অংশ নিয়েছেন।’
গানচিল মিউজিক জানায়, ‘গার্লফ্রেন্ডের বিয়া’ তাদের ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে।
