প্রকাশ হলো ‘নাকাব’-এর ট্রেইলার

আসছে ঈদে কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। এরইমধ্যে এটি নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলেছে ছবিটি পুরোপুরি ভৌতিক গল্পের। আবার অনেকে বলেছে ছবিটির গল্প পুরোটা ভৌতিক না। প্রথমে নাম ‘মাস্ক’ থাকলেও পরে ‘নাকাব’ চূড়ান্ত করেন ছবির নির্মাতা রাজীব বিশ্বাস। ছবিটির পোস্টারের পর এবার প্রকাশ হলো এ ছবির ট্রেইলার।
শাকিব খান বলেন, ছবির পোস্টারটির পর গান এবং এরপর প্রকাশ পেলো ট্রেইলার। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেইলারটি প্রকাশের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। পরিচালকের কাছ থেকে চরিত্র বুঝে নিয়ে ঠিকঠাক আমার দায়িত্ব পালন করছি। আশা করি, আসছে ঈদে দর্শকদের বাড়তি বিনোদন দিবে ছবিটি। জানা যায়, এ ছবিতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। সবশেষ শাকিব ‘ভাইজান এলো রে’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। শাকিব খান অভিনয় করলেও ‘নাকাব’ ছবিটি সম্পূর্ণ কলকাতার। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। ‘নাকাব’ ছবিতে শাকিব একজন প্যারানরমাল যুবকের চরিত্রে অভিনয় করছেন। যার রয়েছে মৃতদের সঙ্গে কথা বলতে পারার বিশেষ ক্ষমতা। আর এই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে কলকাতার দুই লাস্যময়ী নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকাকে। এই দু’জনই শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন। ট্রেইলারের একেবারে শেষ দিকে ভূতরূপী শাকিব খান দেখা গেল। মাত্র এক সেকেন্ডের সেই দৃশ্যে শাকিব খানকে জ্বলন্ত চোখ, লম্বা থুতনি ও দাঁত নিয়ে ভূতরূপে দেখা গেছে। দেশে ও দেশের বাইরের পরিচালকেরা নানারূপে পর্দায় উপস্থাপনের চেষ্টা করেছেন শাকিবকে। কিন্তু পরিচালকের দাবি ‘নাকাব’ ছবিতে শাকিবকে যেভাবে দেখা যাচ্ছে এর আগে কখনো এভাবে কেউ পর্দায় উপস্থাপন করতে পারেননি তাকে।