প্যান্ট না জুতা?

নজরকাড়া স্টাইলে পুরো বিশ্বকেই মাতিয়ে রাখেন সংগীতশিল্পী জেনিফার লোপেজ। এর আগেও বহুবার নজর কেড়েছেন। তার গানের পাশাপাশি স্টাইলেরও ফ্যান অনেক। তবে এমন চমকপ্রদ স্টাইলে তাকে আগে কখনো দেখা যায়নি। টুইটার, ফেসবুক থেকে ইনস্টাগ্রামÑ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সম্প্রতি তোলা একটি ছবি। প্রতি পোস্টেই একটি প্রশ্নÑ এ আবার কী ফ্যাশন?

ছবিতে দেখা যায়, রাস্তায় হাঁটছেন জেনিফার। গায়ে লম্বা সাদা শার্ট। তবে জিনস প্যান্টটা নেমে গেছে হাঁটুর কাছে! বেল্টটিও সেখানে বাঁধা। মনে হচ্ছে যেন, খুলে পড়ে যাচ্ছে। চোখ কচলে অনেকেই দ্বিতীয়বার দেখছেন। তার পরই স্পষ্ট হচ্ছে পুরো বিষয়টি। আসলে সেটা জিনস নয় একটি বিচিত্র বুটজুতা, যা প্রায় উঠে গেছে জেনিফারের কোমরের নিচ পর্যন্ত। তার এই স্টাইল বর্তমানে নেটদুনিয়া মাতিয়ে রেখেছে।


অনেকেই মনে করছেন জেনিফারের এ স্টাইল পাশ্চাত্যের বাজার মাতাবে। প্রাচ্যে অবশ্য সমস্যা আছে। কারণ জেনিফার যেভাবে এই পোশাককে ক্যারি করেছেন, তা এ অঞ্চলের তরুণীদের পক্ষে মুশকিল। আমাদের দেশে তো প্রায় অসম্ভব। সাধারণকে তা মানাবে বলে মনে হয় না। যদিও শেষ কথা বলে কিছু নেই। কেননা অনেক টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনেও তো এ দেশের তরুণ-তরুণীরা ফ্যাশন করছে!