পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর, আত্মহত্যা করল ছেলে!

বৌমাকে ধর্ষণের আভিযোগ উঠল শ্বশুর বিরুদ্ধে। অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করল ছেলে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। অভিযুক্ত শ্বশুর পলাতক।

ইংরেজবাজারের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকার বাসিন্দা ওই পরিবার। অভিযোগ, ফাঁকা বাড়িতে বৌমার সঙ্গে অশ্লীল আচরণ করে শ্বশুর। এমনকি বৌমাকে ধর্ষণও করে শ্বশুর। চাষবাস করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরে ছেলে। স্বামী বাড়ি ফিরতেই তাঁকে শ্বশুরের ঘৃণ্য আচরণের কথা খুলে বলেন স্ত্রী।

পরিবার সূত্রে খবর, স্ত্রীর মুখে বাবার ‘কীর্তির’ কথা শোনার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। তারপর আর বাড়ি ফেরেনি। শেষে খোঁজ করতে করতে বাড়ির পেছন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। দেখা যায়, কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে ছেলে।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসা চলাকালীন-ই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।