পিএসজি তারকা দলই ছেড়ে দেবেন এই পরিস্থিতি চলতে থাকলে!

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ মরিসিও পচেত্তিনো আছেন মহা বিপদে। গোলরক্ষক হিসেবে কাকে রেখে কাকে খেলাবেন তিনি? কেইলর নাভাস এবং জিয়ানলুইজি ডোনারুমা দুজনেই আছে দুর্দান্ত ছন্দে।

গত ইউরোতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমা। ইতালিকে চ্যাম্পিয়ন বানিয়ে তিনি ফ্রি ট্রান্সফারে যোগ দেন ফ্রান্সের জায়ান্ট পিএসজিতে। সবাই ভেবেছিল ডোনারুমা পিএসজিতে আসলে নাভাস ব্যাকআপ গোলরক্ষক হয়ে যাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো। নাভাসই ম্যাচ খেলছেন বেশি। ডোনারুমা খেলছেন নাম মাত্র ম্যাচ।

পিএসজিতে যোগ দেওয়ার আগে ডোনারুমা জানতেন নাভাসের সঙ্গে তার প্রতিযোগিতা হবে। তবে ইউরোতে সেরা খেলোয়াড় হওয়ার পরও দলে ব্যাকআপ হিসেবে থাকতে হবে সেটা ডোনারুমা প্রত্যাশা করেননি।

ডোনারুমা যোগ দেওয়ার পর পিএসজি ৯ ম্যাচ খেলেছে। এরমধ্যে মাত্র দুটিতে খেলেছেন ডোনারুমা। ইতালিয়ান গণমাধ্যম কোরেয়া ডেল সেরা জানিয়েছে, ব্যাকআপ গোলরক্ষক হিসেবে খুশি নন ডোনারুমা।

তার এজেন্টও বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী মৌসুমে পিএসজি ছেড়ে দিবেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে নিজ দেশের ক্লাব জুভেন্টাস।

সূত্র: মার্কা