পাতে পাতুরি

ভেটকি মাছের পাতুরি

উপকরণ

ভেটকি মাছ ৫০০ গ্রাম, নারকেল বাটা আধা কাপ, সরিষা ও কাঁচা মরিচ বাটা ৩ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লেমন জিস্ট ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, কালিজিরা কোয়ার্টার চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, কলাপাতা প্রয়োজনমতো, আস্ত কাঁচা মরিচ ১০টি।

যেভাবে তৈরি করবেন

১. মাছ কাঁটা বাদ দিয়ে ইচ্ছামতো সাইজের টুকরা করে লবণ ও লেবুর রস মেখে ২০ মিনিট রেখে ভালোমতো ধুয়ে নিন। খুব ভালোভাবে পানি ঝরাতে হবে। প্রয়োজনে কিচেন পেপার দিয়ে মুছে নিন।

২. সরিষা ও কাঁচা মরিচ ১ চিমটি লবণ দিয়ে একসঙ্গে বেটে নিন। এতে হলুদ গুঁড়া মিশিয়ে নিন।

৩. লেমন জিস্ট ও কলাপতা ছাড়া সব মসলা ও উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। সব শেষে লেমন জিস্ট আলতোভাবে মেশান।

৪. এবার মাছের গায়ে খুব ভালোভাবে মসলার মিশ্রণ মেখে ২০ মিনিট ঢেকে রাখুন।

৫. কলাপাতার টুকরা একটু তেল মেখে আগুনে ছেঁকে নরম করে নিন।

৬. একটি কলাপাতার টুকরার ওপর মসলাসহ মাছ ও একটি কাঁচা মরিচ রেখে পেঁচিয়ে টুথপিক আটকে দিন।

৭. চুলায় ফ্রাইপ্যান বসিয়ে গরম হলে পাতায় মোড়ানো মাছ দিয়ে উল্টেপাল্টে ২০-২৫ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে।

৮. নামিয়ে পরিবেশন করুন গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে।

ইলিশ পাতুরি

উপকরণ

ইলিশ মাছ ৭-৮ টুকরা, সাদা সরিষা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৭-৮টি, লাউপাতা মাছের ডাবল, টুথপিক প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

১. সরিষা ধুয়ে অল্প পানি, কাঁচা মরিচ ও লবণ ১ চিমটি দিয়ে বেটে বা ব্লেন্ড করে নিন।

২. মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩. পাতা ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে রাখুন ২০-২৫ মিনিট।

৪. লাউপাতা লবণ পানিতে ডুবিয়ে নিন। এবার ঝেড়ে পানি ছাড়িয়ে নিন।

৫. ডাবল পাতায় মাছ, মসলা ও ১টি আস্ত কাঁচা মরিচসহ রেখে পেঁচিয়ে টুথপিক আটকে দিন।

৬. তাওয়ায় ফ্রাই করে বা স্টিম করে পরিবেশন করুন মজাদার ইলিশ পাতুরি।

ফুলকপির পাতুরি

উপকরণ

ফুলকপি ১টি (মাঝারি), আলু আধা কাপ (স্লাইস), গাজর কোয়ার্টার কাপ (স্লাইস), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, নারকেল বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কলাপাতা প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

১. ফুলকপি টুকরা করে ধুয়ে নিন। এবার ফুলকপি, আলু, গাজর লবণ পানিতে ভাপিয়ে নিন। পানি ঝরান।

২. সব মসলা ও তেল-লবণ দিয়ে ফুলকপি মেরিনেট করুন ১ ঘণ্টা।

৩. কলাপাতায় কপির মিশ্রণ রেখে পেঁচিয়ে পোঁটলার মতো বানিয়ে বেঁধে নিন।

৪. ফ্রাইপ্যান গরম করে তেল দিয়ে পোঁটলাটি রেখে ঢেকে দিন। ঢিমে আঁচে রান্না করুন ৪০-৪৫ মিনিট।

৫. নামিয়ে ঘি ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন ভাত বা রুটির সঙ্গে।

চিংড়ি পাতুরি

উপকরণ

বড় চিংড়ি ১০টি, সাদা সরিষা ২ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, পোস্তবাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, লাউপাতা প্রয়োজনমতো, টুথপিক প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

১. চিংড়ি বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২. সরিষা, কাঁচা মরিচ, ১ চিমটি লবণ, হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে বেটে নিন। ব্লেন্ডও করতে পারেন।

৩. সব উপকরণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে চিংড়ি মেখে নিন।

৪. লাউপাতায় মসলাসহ চিংড়ি দিয়ে, একটা ফালি করা কাঁচা মরিচ দিয়ে পেঁচিয়ে টুথপিক আটকে দিন।

৫. ফ্রাইপ্যান গরম করে সরিষার তেল দিয়ে গরম হলে লাউপাতায় মোড়ানো চিংড়ি দিয়ে দিন।

৬. ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে উল্টে দিন।

৭. সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে।

বি: দ্র: : তাওয়ায় না ছেঁকে স্টিমও করে নিতে পারেন।