পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন পম্পেও

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সেরেছেন মার্কিন কূটনীতিবিদ ও রাষ্ট্রীয় সচিব মাইক পম্পেও। কৌশলগত মিত্র হিসেবে দুই দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) পম্পেও পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরায়েশির সাথে রাজধানী ইসলামাবাদে বৈঠকে মিলিত হন। আলোচনায় দুপক্ষই সম্পর্কের পুনঃনির্মাণের বিষয়টিকে ‘ইতিবাচক সূচনা’ বলে উল্লেখ করেছে।

আলোচনায় পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়ার নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে।

এরপর সাংবাদিকদের ব্রিফিংকালে পম্পেও বলেন, ‘আমাদের আরো অনেক পথ একসাথে যেতে হবে এবং আলোচনাও চালিয়ে যেতে হবে।’

ভারতের সাথে আলোচনার জন্য এরপর নয়াদিল্লী সফরের কথা রয়েছে এই মার্কিন কূটনীতিকের।