কাশ্মীর ভয়াবহ হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় শেষ হয়েছে। এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সময়।
গত বৃহস্পতিবার পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৯ সদস্য। সোমবার ভারত সফররত আর্জেনটাইন প্রেসিডেন্ট মরিসিওে মাক্রির সঙ্গে এক বৈঠকের পর একথা বলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।
এদিকে হামলার পর জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে জানায়, তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমেদ দার ওই হামলা চালিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কাশ্মির পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। এর মধ্যেই সোমবার নতুন করে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
মোদি বলেন, আমরা প্রচুর আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসবাদের ব্যাপারে আলোচনা করেছি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারত ধারাবাহিকভাবে এই বিষয়টি উত্থাপন করেছে। এখন সময় এসেছে যথাযথ ব্যবস্থা নেয়ার।

এদিকে সময় মতো সুবিধাজনক উপায়ে এই হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোদি। পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে প্রতিবেশি দুই দেশের উত্তেজনা চলছে। পাকিস্তানি আমদানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে নয়াদিল্লি। একই সঙ্গে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকেও পাকিস্তানকে বের করে দিয়েছে ভারত।
সোমবার সকালে কাশ্মীরের একই জেলায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজরসহ পাঁচ সদস্যের প্রাণহানি ঘটেছে। এদিকে সংঘর্ষে পুলওয়ামা হামলার মূলহোতা জইশ-ই-মোহাম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এর মাঝে সোমবার ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।
