স্পোর্টস ডেস্ক : পাওয়া গেল দারুণ খবর, এবার সাকিবের সঙ্গে আশরাফুল! আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। এ তালিকায় পাঁচে এখনো অবস্থান করছেন মোহাম্মদ আশরাফুল।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান যারা-
এ তালিকায় সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে খেলেছেন। তিন বিশ্বকাপ আসরে মোট ২১টি ম্যাচ খেলে ৩০ গড়ে মোট ৫৪০ রান করেছেন সাকিব। যেখানে তিনি পাঁচটি অর্ধশতকের দেখা পেয়েছেন।
এ তালিকায় দ্বিতীয়স্থানে আছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের তিন আসরে ২০ ইনিংসে ৩১.৮৭ গড়ে মোট ৫১০ রান করেন। যেখানে তার চারটি অর্ধশতক রয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল সাকিবের সমান ২১ ইনিংস খেলে ২৩ গড়ে করেছেন ৪৮৩ রান। যেখানে তিনটি অর্ধশতক রয়েছে তামিমের।
তালিকায় চতুর্থস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২০১১ ও ২০১৫ দুইটি বিশ্বকাপে মোট ১০টি ম্যাচ খেলে ৫৬.৭১ গড়ে ৩৯৭ রান করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম শতক হাঁকানোর পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষেও শতক হাঁকান তিনি।
২০০৩ থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলা বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এ তালিকায় পঞ্চমস্থানে আছেন। তিনি ১৬ ম্যাচ খেলে ২৪.৯১ গড়ে করেছেন ২৯৯ রান। যেখানে তার দুইটি অর্ধশতক রয়েছে।
