ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে পর্দায় হাজির হবেন। তবে কোনো চলচ্চিত্রে নয়, একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘মহেশ বাবু দীর্ঘ দশ বছর ধরে থামস আপ-এর সঙ্গে রয়েছেন। এই প্রতিষ্ঠানটি তাকে ছাড়তে রাজি নয়। কারণ তিনি এই প্রতিষ্ঠানের নিবেদিত একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এদিকে রণবীর সিং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এবার এই দুজনকে একসঙ্গে দেখা যাবে।’
আলাদা আলাদা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মহেশ ও রণবীর ভালো কাজ করছেন। কিন্তু এই দুজনকে একসঙ্গে বাণিজ্যিক কোনো কাজ করানো কঠিন। সূত্রটি আরো বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণের জন্য গুণী একজন পরিচালক নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। আর কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
অন্যদিকে ‘এসএসএমবি২৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ বাবু। রণবীর সিং অভিনীত ‘পদ্মাবত’ সিনেমাটি মুক্তির পর ঢের প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে বলিউডের ‘সিম্বা’ ও ‘গুল্লি বয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
