পদ্মা সেতুর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা

বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি ‘‘কাকলি’’। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরিটি। ফেরিচালক মো. বাদল হোসেনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

ফেরিচালক জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির র‌্যাম্পের সামান্য ক্ষতি হয়। এছাড়া আর কিছু হয়নি।

তার দাবি, এ ঘটনায় পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি চালিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছানো গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র : ঢাকা ট্রিবিউন, সমকাল