নড়াইলে ওসিকে ঘুষ দিতে গিয়ে আটক বিএনপি-কর্মী

নড়াইল-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে ৫০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম রিয়াজুল ইসলাম।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বিএনপির ওই কর্মীকে আটক করেন।

রিয়াজুল নড়াইল পৌরসভার মহিষখোলার নজরুল বিশ্বাসের ছেলে।

আটক রিয়াজুল সাংবাদিকদের বলেন, ‘জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রধান নির্বাচন সমন্বয়ক এ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল একটি খামের মধ্যে ৫০ হাজার টাকা সদর থানার ওসিকে দিয়ে আসতে বলেন।

আমি যেহেতু জাপল ভাইয়ের অধীনে নড়াইল আদালতে প্রাকটিস করি। সে কারণে কোনো কিছু না ভেবেই টাকার খামটি নিয়ে থানায় এসে ওসি সাহেবের কাছে দিতে যাই। তখন পুলিশ আমাকে আটক করেছে।’

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল সদর থানার ওসিকে প্রভাবিত করতে নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম তার এজেন্ট দিয়ে টাকা পাঠায়। তখন সদর থানার ওসি টাকাসহ রিয়াজুলকে আটক করে।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে পুলিশ সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।