ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য (এমপি) ইয়াসিন আলীর প্রচারণায় বাধা দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমনকি এ ঘটনার ছবি তুলতে সংবাদকর্মীদের বাধা প্রদান করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।
গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু জাহেদ।
ওয়ার্কার্স পার্টির নেতা ও বর্তমান এমপি ইয়াসিন আলীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের সমর্থকরা এই হামলা চালিয়েছেন।
ইয়াসিন আলী বলেন, ‘আমি এখানে নৌকা প্রতীকে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছি। উনি (ইমদাদুল হক) আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। এখন আমার প্রচারণায় বাধা দিচ্ছেন। নৌকার প্রচারণা আমাকে চালাতে দিবেন না তিনি। নৌকার প্রচারণা চালানোর সময় তার লোকজন আমার ওপর ও আমার দলীয় নেতার্মীদের ওপর হামলা চালায়।’
এ ঘটনায় থানায় মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান ইয়াসিন আলী।
তবে হামলার এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বলেন,‘আমরা পীরগঞ্জে ছিলাম না। এটি নিছক একটি পাতানো খেলা ছাড়া কিছুই নয়। আওয়ামী, ছাত্রলীগ বা অঙ্গ সংগঠনের কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। আমার ইমেজ নষ্ট ও নির্বাচন বানচাল করার জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে।’
এদিকে সংবাদকর্মীরা এই হামলার ঘটনার ছবি তুলতে গেলে পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ তাতে বাধা প্রদান করেন বলেও অভিযোগ উঠেছে।
আর টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার প্রতিনিধি বিষ্ণুপদ রায় জানান, ঘটনার সময় ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছিল। এ সময় ওসি বজলুর রশিদসহ একদল পুলিশ এসে বাধা দেয় এবং ক্যামেরায় লাঠি দিয়ে বাড়ি মারে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, ‘এমপি ইয়াসিন আলী নৌকা মার্কার প্রচারণায় সময় স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের সমর্থকদের সঙ্গে ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। এ সময় এক নেতা আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তবে সাংবাদিকদের ছবি তোলার কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে ওসি বলেন, পুলিশি অ্যাকশনে ছিলাম। সাংবাদিক ছবি তুলছে এটি বুঝতে পারিনি। ভুল বোঝাবুঝি হয়েছে। আর নৌকার প্রচারণায় বাধা ও হামলার ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
