বেশ ঘটা করেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এ ছবিতেও শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা হালের আলোচিত নায়িকা বুবলীর। কিন্তু ছবিটি তিনি করছেন না।
শাপলা মিডিয়ার নির্মিতব্য এ ছবি থেকে স্বেচ্ছায় বুবলী নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। অথচ ছবির মহরতের সময় শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বুবলী। যদিও এখনো পর্যন্ত বুবলীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছবিতে বুবলীর গুঞ্জন যেখানে তীব্র ঠিক তখনই অবাক করা তথ্য দিলেন শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান।
তিনি বলেন, এসব গুজবে কান দিতে নেই। একটি মহল শাকিব-বুবলী জুটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। চলচ্চিত্রের এমন একটি নির্ভরযোগ্য জুটিকে নিয়ে কোনো ধরনের নোংরা প্রচারণা চালানো উচিত নয়। আমি জোর গলায় বলব, এ ধরনের চক্রান্ত মোটেও সফল হবে না। শাকিব খান ও বুবলী দেশের চলচ্চিত্রের এখনকার সবচেয়ে আলোচিত জুটি।
তাদের অভিনীত ছবি দেখতেই প্রেক্ষাগৃহে দর্শকেরা এমনিতেই ছুটে যান। চলচ্চিত্রের এমন একটি নির্ভরযোগ্য জুটিকে নিয়ে কোনো ধরনের নোংরা প্রচারণা চালানো মোটেও উচিত নয়।’
এদিকে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটির মহরত অনুষ্ঠানের আগে শোনা গিয়েছিল, শাকিব খান আর শাপলা মিডিয়ার ব্যানারে কোনো ছবিতে কাজ করবেন না। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয় বলে জানান প্রযোজক সেলিম খান।
তিনি বলেন, ‘যারা বলার চেষ্টা করেছিলেন, শাকিব খান শাপলা মিডিয়ার ছবিতে কাজ করবে না, তারাই আবার এ ধরনের উল্টাপাল্টা কথাবার্তা ছড়াচ্ছেন। কাজ শুরু হওয়ার পর সবার মুখে চুনকালি পড়বে।’
