নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের জালে গুণে গুণে ১৪ গোল দিয়েছল বাংলাদেশ মেয়েরা। নেপাল অবশ্য সেই তুলনায় কঠিন প্রতিপক্ষই ছিল। কিন্তু বাংলাদেশের মেয়েদের জয়রথ থামেনি তাতেও। নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

প্যাভিলিয়নের প্রতিবেদন অনুযায়ী, থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষ পর্যন্ত। যোগ করা সময়ে তহুরা খাতুনের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। কর্নার ছিল ওই গোলের উৎস, সেখান থেকে সেন্টার, তহুরা গোল করেন হেডে। উৎসবে মাতে বাংলাদেশও।

প্রথমার্ধ যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু করে লাল-সবুজের দল। নেপাল গোলরক্ষকের ভুলে পজেশন পেয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর প্রথম শট প্রতিরোধ করলেও শেষ রক্ষা হয়নি নেপালের। ডিবক্সের ঠিক বাইরে থেকে করা বাঁ পায়ের শটে গোল করেন মারিয়া মান্ডা।

জয় তখনই নিশ্চিত গিয়েছিল। খেলার নিয়ন্ত্রণও শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বাংলাদেশের কাছেই। নেপালের আক্রমণভাগ সেই অর্থে একেবারেই ছিল মলিন। সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোলটাও আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। ৬৭ মিনিটে সাজেদা খাতুন করেন গোলটি। বাকি সময়ে ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। সেটা অবশ্য হয়নি, কিন্তু তাতে খুব বেশি আক্ষেপ থাকার কথা নয়।