নেইমারের গোলে জয় দিয়ে শুরু পিএসজির

গত মৌসুমের মাঝামাঝি সময়ে চোটে পড়েছিলেন। ফলে শেষ দিকে খেলতে পারেননি নেইমার। পিএসজি ফরোয়ার্ড নতুন মৌসুমের শুরুটা করলেন দুর্দান্তভাবে।

গতকাল রোববার কঁকেকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল পিএসজি।

ঘরের মাঠে রোববার জালের দেখা পেতে নেইমারের সময় লেগেছে মাত্র দশ মিনিট। অবশ্য গোলরক্ষকের ভুলে গোলটা হজম করে অতিথিরা। গোলরক্ষক ব্রাইস সাম্বার ভুল পাসে বল পেয়ে যান পিএসজির এনকুঙ্কু। তিনি বল বাড়ান নেইমারকে। বাঁ পায়ের শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

আর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে বল জালে জড়ান আদ্রিয়েন রাবিওট। আর ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমোথি উইয়াহ।

অতিথিরাও বেশ কিছু সুযোগ পেয়েছিল। দারুণ কিছু সেভ করেছেন এ মৌসুমেই জুভেন্টাস থেকে পিএসজিতে আসা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। প্রথমার্ধে থিয়াগো সিলভা হেডে নিজেদের জালেই বল জড়াতে যাচ্ছিলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে বল ক্লিয়ার করেন বুফন।

বিশ্বকাপ জয়ী তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছিল পিএসজি। জার্মান কোচ টমাস টাচেল পিএসজির কোচ হিসেবে প্রথম লিগ ম্যাচ জয়ে রাঙিয়ে রাখলেন।