নিমের বিপক্ষে নেইমারের পিএসজি ৪-২ ব্যাবধানে জয় পেয়েছে। নেইমার নিজেও গোলের দেখা পেয়েছেন। তবে এবারের গোলের উদ্যাপনটি ছিলো একটু ভিন্ন। গোল দেয়ার পর উদ্যাপনটা ছিলো রশিকতার। এরপর ম্যাচ শেষে এক অবুঝ ভক্তকে কোলে তুলে নিয়ে তার হাতে তুলে দিয়েছেন নিজের জার্সি। এই নেইমারকে কত দিন দেখা যায়নি!
‘ছিঁচকাঁদুনে’—রাশিয়া বিশ্বকাপ থেকে শব্দটা লেপ্টে গিয়েছিল নেইমারের সঙ্গে। সে জন্য বিশ্বকাপে নেইমারের ‘ডাইভ’–প্রবণতার দায় যতটুকু, ফুটবলপ্রেমীদের সেটি প্রচারের দায় তার চেয়ে মোটেও কম নয়। বিশ্বের অনেক দেশেই নেইমারের ‘ডাইভ’ দেওয়ার প্রবণতা নিয়ে হাসিঠাট্টা চলেছে। একের পর এক ‘ট্রল’ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমার এ নিয়ে টুঁ শব্দটিও করেননি। বরং তিনি নিজেই এ নিয়ে মজা লুটেছেন। কিন্তু শনিবার মাঠে ব্যাপারটা ফিরে আসতেই আর দেরি করেননি। ঝামা ঘষে দিয়েছেন নিন্দুকদের মুখে।
২৫ বছর পর ফ্রেঞ্চ লিগ ওয়ানে উঠে আসা নিম–সমর্থকেরাও ব্যঙ্গ করতে চেয়েছিলেন নেইমারকে। ঘরের মাঠে গ্যালারিতে তারা একটি ব্যানার ঝুলিয়েছিলেন। তাতে লেখা ‘ক্রাইবেবি’—বাংলায় শব্দটির অর্থ ‘ছিঁচকাঁদুনে’। সেটি যে নেইমারকে উদ্দেশ করে তা বলা বাহুল্য। ব্যানারটি পিএসজি তারকারও চোখ এড়ায়নি। অপেক্ষায় ছিলেন একটা মোক্ষম জবাব দেওয়ার। সুযোগটা পেয়ে গেলেন ম্যাচের ৩৬ মিনিটে। বক্সে বল পেয়ে মাপা শটে গোল করেই ছুটলেন গ্যালারির সেই ব্যানারটির দিকে। উদ্দেশ্য নিম–সমর্থকদের রসিকতার জবাবে পাল্টা রসিকতা করা।
দুহাত চোখের কাছে নিয়ে ছিঁচকাঁদুনে শিশুদের মতো কাদার ভঙ্গি করে নেইমার ছুটে যান ব্যানারটির দিকে। এ সময় গ্যালারি থেকে তাকে কটূক্তি করতে ছাড়েনি নিম সমর্থকেরা। নেইমার এক কাঠি সরেস। ছিঁচকাঁদুনে শিশুদের মতো কাদার ভঙ্গিতেই বসে পড়েন ব্যানারটি সামনে। হাস্যোজ্জ্বল সতীর্থরাও এসে ততক্ষণে জড়িয়ে ধরেন নেইমারকে। নিম সমর্থকেরা এরপর আর কটূক্তি করার সাহস পায়নি।
বরং ম্যাচ শেষে দলটির কিছু সমর্থক নেইমারকে অভিবাদন জানিয়ে করতালিও দিয়েছেন। শেষ বাঁশি বাজার পর নিরাপত্তা ব্যূহ ফাঁকি দিয়ে গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েছিল এক খুদে নেইমারভক্ত। ব্রাজিলিয়ান তারকা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেন। আদর করেন। পছন্দের খেলোয়াড়ের এমন মধুর আচরণের আতিশয্যে কেঁদে ফেলেন সেই খুদে ভক্ত। নেইমার তার কান্না থামাতেই সম্ভবত নিজের জার্সিটা খুলে দিয়েছেন সেই ভক্তের হাতে। মুহূর্তটি সত্যিই ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
