বর্তমান সময়ের আলোচিত টালিউড তারকা জুটি যশ ও নুসরাত। সম্পর্ক ও বিয়ের কথা না মানলেও নুসরাতের সন্তান ঈশানের বার্থ সার্টিফিকেটে দেখা যায় তার সন্তানের বাবার নাম যশ দাশগুপ্ত।
কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরাত কেকের মধ্যে লেখেন ‘হাজবেন্ড’। এরপর নুসরাত ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, তিনি আর যশ আপাতত উপভোগ করছেন তাদের অভিভাবকত্ব। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু হয়েছে নতুন জল্পনা।
ইনস্টাগ্রামের সেই স্টোরিতে নুসরাত লিখেন, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হলো সেই ঘর যা ভালোবাসা দিয়ে তৈরি, যা কি না কেউ ছেড়ে যেতে চায় না!’
নুসরাত হঠাৎ এ রকম কেন লিখলেন, তা নিয়েই নেটিজেনদের মধ্য়ে শুরু হয়েছে গুঞ্জন। আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন যশ নিজেই। নুসরাতের এ স্টোরির পাশাপাশি যশও তার প্রোফাইলে একটি স্টোরি দিয়েছেন। অভিনেতা যশ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।
যশের এ ইনস্টাগ্রাম স্টোরি একেবারেই নুসরাতের স্টোরির পাল্টা জবাব! অন্তত, নেটিজেনরা তাই বলছেন। এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছে , তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশরত? আপাতত একসঙ্গেই থাকেন তারা। তাহলে কী বদলাবে এবার ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের।
এর আগেও অনেকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এ দুই তারকা। তাহলে এবার কী বিচ্ছেদের ঘোষণা করতে চলেছে যশরত! নাকি পুরোটাই কাকতালীয়।
পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন সিনেমা ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’তে জুটি বাঁধছেন যশ ও নুসরাত। কয়েক দিন আগেই কাশ্মীরে এ সিনেমার গানের শুটিং সেরে এসেছেন যশরত (নুসরাত ও যশকে এক সঙ্গে ভক্তরা যশরত বলে)। তারপরেই দুই অভিনেতার এ পোস্ট রীতিমতো শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
সূত্র: জি নিউজ
