অনেক স্বপ্ন নিয়েই বিপিএলে আসেন ইভান্স। গত বছর টি টোয়েন্টি ব্লাস্ট, আফগানিস্তান প্রিমিয়ার লীগ, টি ১০ লীগ সবগুলোতেই স্বপ্নের মতো সময় কাটান লরি ইভান্স। তবে বাংলাদেশে এসে শুরুতেই খেই হারিয়ে ফেলেন। প্রথম ৫ ম্যাচে রান আসে মাত্র ১৩। নতুন এক দেশে এসে হোটেলে চার দেয়ালের মাঝে বন্ধ থাকা অবস্থায় ব্যর্থতার সময়গুলো খুব কষ্টের যাচ্ছিল শুরুতে ইভান্সের জন্য।
ইভান্স জানান ‘ গত বছর অসাধারণ একটি সময় গিয়েছে। আমার বড়দিন ও নববর্ষের ছুটিও খুব ভালো যায়। এক সপ্তাহের ছোট হানিমুনের পর আমি দেশে ফিরে যাই ও সেখান থেকে সোজা বিপিএল। তবে শুরুর পারফরম্যান্সে হতাশ ছিলাম। আমার কোচ পরবর্তীতে আমার উপর বিশ্বাস রেখে আমাকে উপরে সুযোগ দেন এবং আমি ভালো করি। তার জন্য আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবো ‘।
বর্তমানে পিএসএলে মুলতানের হয় খেলার জন্য দুবাইয়ে আছেন ইভান্স। বিয়ের পর স্ত্রীর সাথে ভালো সময় কাটানো হয়নি তার। ইভান্সের স্ত্রী তাকে সঙ্গ দিতে ইংল্যান্ড থেকে দুবাই উড়ে আসবেন। তবে বাংলাদেশে তার স্ত্রী কেন আসেননি এই ব্যাপারে বলতে গিয়ে ইভান্স বলেন ‘ আমরা ভেবেছিলাম তার বাংলাদেশে আসার কথা। তবে মানুষের কাছে শুনেছি বাংলাদেশ নিরাপদ নয় তেমন একটা। আপনি এখানে হোটেলের বাইরে যেতে পারবেন না, তাই আমাদের এখানে কিছু করার ছিলো না। তাই সে বাংলাদেশে আসেনি ‘।
