এ পর্যন্ত চার বার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। কোনো সফরেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি তারা। তবে এই বন্ধ্যাত্ব ঘুচিয়ে প্রথমবারের মত ওয়ানডে জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে-টেস্ট সিরিজে বাংলাদেশ ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামবে। বুধবার অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার এসব কথা বলেন টাইগার দলের কোচ কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘আমরা জানি নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তুলে নেয়া অনেক কঠিন, তাই বাস্তবতাটা আমরা স্বীকার করি।’
নিউজিল্যান্ডের মাটিতে জয়হীন অবস্থায় আরও একটি সফর শুরু করছে বাংলাদেশ। তাই ‘আন্ডারডগ’ তকমাটা রয়েছে বাংলাদেশের গায়ে। তবে এতে কোনো সমস্যা নেই রোডসের। ‘আন্ডারডগ’ তকমাটা পছন্দ হয়েছে তার। তিনি বলেন, ‘আন্ডারডগ তকমাটা আমার পছন্দ হয়েছে। আন্ডারডগ হিসেবে আমরা অনেক সময় অনেক বড় দলকে অবাক করে দিয়েছি। আমি মনে করি নিউজিল্যান্ডও জানে বাংলাদেশকে হারাতে হলে তাদের খুব ভালো ক্রিকেটই খেলতে হবে।’

এবারের নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মিশন। এমন গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে দ্বিগুন ধাক্কা খায় টাইগাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের লিগ পর্বে পায়েরগোড়ালির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে হারানোর দুঃখ ভুলতে না ভুলতে আরও বড় ধরনের ধাক্কা খেতে হয় বাংলাদেশকে।
দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান আঙ্গুলে চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য বিশ্রামে চলে যান। ফলে এখন পর্যন্ত নিশ্চিত যে, নিউজিল্যান্ডের সফরে ওয়ানডে সিরিজে খেলছেন না সাকিব। বিপিএলের ফাইনালে ব্যাটিং করার সময় আঙ্গুলে ব্যাথা পান তিনি।
