‘বুবলীর মতো শিক্ষিতা মেয়েকে দেখে অনেকেই চলচ্চিত্রে কাজ করতে আসছে। আমার নতুন ছবি ‘শাহেনশাহ’-তে নতুন নায়িকা রোদেলা জান্নাত যে সংবাদ পাঠিকা এটা সত্যি আমি জানতাম না। নায়িকা হিসেবে আবার সংবাদ পাঠিকা পেলাম। এজন্য বুবলীকে ধন্যবাদ।’ কথাগুলো বলছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।
বুধবার সন্ধ্যার পর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই এ কথা বলেন শাকিব খান৷
২০১৬ সালে শাকিবের হাত ধরেই নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। এবার শাকিবের হাত ধরে ঢালিউডে এন্ট্রি নিচ্ছেন নবাগত রোদেলা জান্নাত। জানা যায়, রোদেলা ঢাকার মেয়ে। তিনি একটি বেসরকারি চ্যানেলে কিছুদিন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন।
মহরতে শাকিব খান বলেন, আরো তিন-চারজন নিউজ প্রেজেন্টার আছেন, যারা কাজ করতে চেয়েছেন। এটা খুব ভালো দিক। নতুন নায়িকার প্রসঙ্গে শাকিব বলেন, রোদেলা চমৎকার মেয়ে। তার জন্য শুভকামনা থাকলো।
‘শাহেনশাহ’ ছবির মহরতে শাকিব খান ছাড়াও ছিলেন নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, তারিক আনাম খান, উজ্জ্বল প্রমুখ। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজার এই ছবির শুটিং শুরু হবে।
