নারায়ণগঞ্জে প্রবাসীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মোতালেব (৫৩) নামে ইতালিফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল মোতালেব উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার দেওয়ান সাহাজউদ্দিনের ছেলে। গত ডিসেম্বরে ইতালি থেকে দেশে ফিরেছেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার দেওয়ান সাহাজউদ্দিনের ছেলে আব্দুল মোতালিব গত ডিসেম্বরের প্রথম দিকে দেশে ফিরে স্বাভাবিক চলাফেরা করছিলেন। শুক্রবার ভোররাতে নিজ বাড়িতে হঠাৎ মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের দাবি তিনি কান্সারে আক্রান্ত ছিলেন। এ কারণে দেশে ফিরে আসেন গত ডিসেম্বরে। এরপর দেশে তার চিকিৎসা চলছিল। তবে কোথায় তার কী চিকিৎসা চলছিল সে ব্যাপারে স্পষ্ট করেননি নিহতের পরিবার।

এদিকে শুক্রবার বাদ জোহর চরপাড়া এলাকায় নিহতের নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় চৌধুরীপাড়া সামাজিক করবস্থানে দাফন করা হয়। মহামারি করোনা ভাইরাস আতঙ্কে খুব অল্পসংখ্যক মানুষ জানাযা ও দাফনে অংশ নেন। ইতালি প্রবাসীর মৃত্যুকে ঘিরে কাঞ্চন পৌর এলাকায় নতুন করে মানুষের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক যুক্ত হয়েছে।