নাবিকের মৃত্যুর পর হংকংয়ে বাংলাদেশের জাহাজ কোয়ারেন্টিনে

করোনাভাইরাসে আক্রান্ত এক নাবিকের মৃত্যুর পর আরও ২৬ জনসহ হংকং বন্দরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন জানিয়েছেন।

বিএসসির মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা বর্হিনোঙ্গরে ওইসময় পণ্য খালাস করছিল বলে জানা গেছে। এটিতে মোট ২৭ জন নাবিক ছিলেন।

বিএসসির সচিবের দায়িত্বে থাকা আশরাফুল জানান, গত ২১ জুন বন্দরের বর্হিনোঙ্গরে ‘এমভি বাংলার জয়যাত্রা’র সাধারণ নাবিক মোকাররম হোসেন (৫৫) ঘুমন্ত অবস্থায় মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে কোভিড পজেটিভ আসে। এরপর এমভি জয়যাত্রার অন্যান্য নাবিকদের আইসোলেশনে রাখা হয়। তাদের নমুনা এখনও পাওয়া যায়নি।

“তাদের ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে।”

হংকংয়ে বাংলাদেশ দূতাবাস, বিএসসি এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টের পক্ষ থেকে নিয়মিত এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে এবং ওই নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি চার্টাড জাহাজ হিসেবে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করে থাকে। জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম ছেড়ে যায়। এমভি জয়যাত্রা ২০১৮ সালে শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম