নাটোরে আমগাছে আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ

নাটোরের সিংড়া উপজেলায় আবুল কালাম আজাদ নামে (৫০) এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। তিনি স্থানীয় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও বর্তমান ইটালী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার সকালে স্থানীয় জয়বাংলা ক্লাব সংলগ্ন একটি আম গাছ থেকে রশিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আজাদ ইটালী পূর্বপাড়ার আবুল কাশেমের ছেলে। তিনি খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বুধবার রাত সাড়ে ৯টায় ইটালী বাজার থেকে সবুজ প্রামাণিকের সাথে বাড়ি ফিরে আসেন। পরে ভোর আনুমানিক ৪টার দিকে বাড়ির বাইরে যান তিনি।

পরে সকালে একটি আম গাছের রশিতে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
সবুজ প্রামাণিক বলেন, ‘প্রতিদিনের ন্যায় তাকে আমি বাড়িতে পৌছে দিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ি। পরে সকালে তার মৃত্যুর খবর পেয়ে এখানে ছুটে আসি।’
নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী অ্যাডভোকেট মানষী ভট্রাচার্য তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, নিহত আবুল কালাম আজাদ আওয়ামী লীগের একজন দক্ষ কর্মী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।