ডিসেম্বরে ঘরের মাঠে ক্রিকেট উত্তেজনা দিয়ে শেষ হলো ২০১৮ সালে বাংলাদেশ দলের ক্রিকেট সূচি। ২০১৯ সালের সূচিটা শুরু হবে একটু দেরিতে। তবে জিরুবার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। নতুন বছরের শুরুতে ৫ জানুয়ারি থেকে বসবে বিপিএলের আসর। ওই আসর চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টি-২০ ফ্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের ব্যস্ততা নিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেটারদের সূচি।
এরপরই ছুটতে হবে নিউজিল্যান্ডে। এই বছরের ১৩ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে মাশরাফি-সাকিবদের সফর। ২০ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষ হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু। তিন ম্যাচের সিরিজ শেষ হবে ২০ মার্চ।

এপ্রিল মাসে ম্যাচ সূচি না থাকায় বিশ্রাম পেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি। ইংল্যান্ডে যাওয়ার আগে আয়ারল্যান্ডে বসবে ত্রিদেশীয় সিরিজ। তাতে অংশ নেবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ৫ মে শুরু হবে শেষ হবে ১৭ মে। এরপরই ইংল্যান্ডে মে মাসের ৩০ তারিখে বসবে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুন। আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশের সূচী অনুযায়ী প্রথম ম্যাচ অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে তাদের বাংলাদেশে আসার কথা আছে শুধুমাত্র তিনটি টি-২০ খেলতে। এরপর অক্টোবরেই আফগানিস্তান আসবে বাংলাদেশ। তারা একটি টেস্ট এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে।
নভেম্বরে বাংলাদেশ যাবে ভারতে। খেলবে দুটি টেস্ট এবং তিনটি টি-২০। সূচিতে নেই কোন ওয়ানডে ম্যাচ। তবে বছরের শেষটায় শ্রীলংকায় গিয়ে ওয়ানডে ম্যাচ খেলার আক্ষেপ মিটবে বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি অনুযায়ী, শ্রীলংকা সফরে গিয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ততদিনে হয়তো বদলে যাবে বাংলাদেশ ওয়ানডে দলের অনেক চিত্র। সূত্র সমকাল
