নতুন পরিচয়ে ড. জাফর ইকবাল

এবার নতুন পরিচয়ে সবার সামনে এলেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। জনপ্রিয় এই লেখক প্রথমবারের মতো সিনেমার গান লিখেছেন। গানটি লিখেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য।

সিনেমাটি নির্মিত হচ্ছে জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। ছবির পরিচালনা করছেন রায়হান জুয়েল। চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাফর ইকবালের গান লেখার তথ্য জানিয়েছে।

তরুণ নির্মাতা রায়হান জুয়েল জানান, জাফর ইকবাল ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের গানটি লিখেছেন। এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিশু শিল্পী।

এটি জাফর ইকবালের লেখা প্রথম কোনো সিনেমার গান উল্লেখ করে নির্মাতা রায়হান জুয়েল বলেন, আগামী মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।