নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ ও কর্নিয়া। এর শিরোনাম ‘এলোমেলো জীবন’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। আসিফ আকবর বলেন, ‘আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্নিয়া জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন আমাদের এই জুটিকে। এবার আমরা নিয়ে আসছি ‘এলামেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান। কর্নিয়া অনেক ভালো
গায়। আর তরুন মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থা তো আছেই।’ কর্নিয়া বলেন, ‘আসিফ ভাই আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ প্রসঙ্গত, আসিফ আকবর ও কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশের পরপরই শ্রোতা মহলে সাড়া ফেলে। ভিডিওতে এই জুটির পারফরম্যান্সও প্রশংসিত হয়েছিলো। আসিফের সঙ্গে জুটি বেঁধে গত বছর কর্নিয়া বেশ সাফল্যও পেয়েছেন। এরপর এই জুটি দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান।
