গত মে মাসেই কলকাতার স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাঁকে বাধা পড়েন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ধূমধাম করে বিয়ের পর নিউ ইয়র্কে ঘটা করে মধুচন্দ্রিমাও সেরেছেন রাজ-শুভশ্রী।
বিয়ে থেকে শুরু করে মধুচন্দ্রিমা সব ছবিই, সব আপডেটই সোশ্যাল সাইটে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী। তবে এবার নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তদেরকে নতুন খবর দিলেন শুভশ্রী?
এ অভিনেত্রী জানিয়েছেন নতুন কিছু আসছে, আপাতত সে অপেক্ষায়ই রয়েছেন। কী খবরটা শুনে চমকে উঠেছেন তো? ভাবছেন রাজ-শুভশ্রীর ঘরে আসছে নতুন কেউ। না আপাতত সেই চিন্তাটা একটু দূরের বিষয়।
বিয়ের পর ফের কাজে ফিরছেন শুভশ্রী সেই তথ্যই জানালেন ভক্তদের। নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে। টুইটারে যে পোস্টটা শুভশ্রী দিয়েছেন তাতে দেখা যাচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু কলাকুশলীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, নতুন কিছু আসছে। ‘সেটা কী, গেস করুন তো?’
প্রসঙ্গত বিয়ের পর রাজ চক্রবর্তী আগেই কাজে ফিরেছেন, ‘অ্যাডভেঞ্চার জোজো’ নামে একটি ছবির শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাজ চক্রবর্তী। তবে হ্যাঁ, শুভশ্রী কিন্তু আপাতত ছুটিতেই ছিলেন। নতুন বিবাহিত জীবন উপভোগ করছিলেন। তবে কোন ছবির হাত ধরে ফের অভিনয় জগতে তিনি ফিরছেন, আর তাতে তার নায়ক ও পরিচালকই বা কে এটা অবশ্য এখনও রহস্যই রেখেছেন শুভশ্রী।
কিছুদিন আগেই আরবানা-তে নিজের ফ্ল্যাটে ব্যস্ত রাজ চক্রবর্তীর একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন শুভশ্রী। শুধু তাই নয় মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে নানান ধরনের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন শুভশ্রী।
