ধাওয়ানকে সান্ত্বনা দিয়ে যা বললেন মোদি

ওয়ানডে বিশ্বকাপ ২০১৯ এর শুরু থেকেই ফেবারিটের তালিকায় ভারতকে সামনে রেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এটার মূল কারণ ভারতের ব্যাটিং শক্তি। যা অনেক দলের থাকলেও ভারতের মতো নেই। ধাওয়ানকে ছাড়াই পাকিস্তানের সাথে দুর্দান্ত ৮৯ রানের জয় পায় ভারত। তবুও এমন একজন ওপেনার না থাকায় আফসোস যেন শেষ হয় না। এবার ধাওয়ানকে সান্ত্বনা দিয়ে নিজের টুইটার একাউন্টে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বৃহস্পতিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ধাওয়ানকে উদ্দেশ্য করে টুইটে নরেন্দ্র মোদি লিখেন, ‘প্রিয় শিখর ধাওয়ান, কোনো সন্দেহ নেই মাঠের পিচ তোমাকে খুব মিস করবে। কিন্তু আমি আশা করি খুব শিগগিরই তুমি মাঠে ফিরবে আর দেশের জন্য আরো অনেক রান করবে।’

গত বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানায়, দলের সঙ্গে ধাওয়ানের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। দ্রুত আঙুলের চোট সারবে না বলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে ধাওয়ানকে। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন ঋষভ পান্ট।

দল থেকে বাদ পড়ায় স্বভাবতই মন কাঁদছে ধাওয়ানের। তাই প্রিয় ২২ গজে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব না করার দুঃখটা যাতে কম হয় তাই দেশের সাবেক-বর্তমান থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের অনেকেই সান্তনামূলক বার্তা পাঠাচ্ছেন ধাওয়ানকে।