দ্রুততম ফিফটি করে সৌদি ব্যাটসম্যানের রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ১৫ বলে ফিফটি করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই ফিফটি যদি ক্রিকেটের নবীন সদস্য সৌদি আরবের কোনো ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে তাহলে তা চমক জাগানোর মতোই কথা। কারণ অনেকের কাছেই সৌদি আরব যে ক্রিকেট খেলে এই তথ্যটাই অজানা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে পশ্চিম এশিয়ার দেশগুলোকে নিয়ে ওমানে চলছে টি-টোয়েন্টি বাছাইপর্ব। এই বাছাইপর্বের একটি ম্যাচে কুয়েতের ছুড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে সৌদি আরব। আর সেখানেই এই কীর্তি গড়েছেন ফয়সাল খান নামে ওই সৌদি ব্যাটসম্যান।

জানা গেছে, এই ম্যাচে মাত্র ১৫ বলেই ফিফটি করেন ফয়সাল। আউট হওয়ার আগে তিনি ২৮ বলে ৮৩ রান করে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তার এই বিধ্বংসী ইনিংসের বদলৌতে মাত্র ৯.১ ওভারে জয় তুলে নেয় সৌদি আরব।

আরো জানা গেছে দুর্দান্ত এই ইনিংসটি ৭ চার ও ৭ ছক্কায় সাজিয়েছেন ফয়সাল।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড করেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান।

এছাড়া টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক নিউজিল্যান্ডের কলিন মুনরো। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি তুলে নেন এই কিউই ব্যাটসম্যান।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে