দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি দাপটের সঙ্গে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একই মাঠে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। আজ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই চেষ্টা থাকবে এই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা। আমরা আসলে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই মাঠে নামি। আজও তার ব্যতিক্রম হবে না। তবে এই ম্যাচে আমাদের আরো বেশি ভালো খেলতে হবে। শ্রম দিতে হবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ আরো শক্তিশালী হয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। আজ এই ম্যাচটা জিততে পারলে আমাদের আর সেন্ট কিটসের উইকেট নিয়ে টেনশন করতে হবে না। অবশ্যই আমরা চাইব যেন ওই ম্যাচটাও জিততে পারি। সেন্ট কিটসে আমার মনে হয় না খুব বেশি পার্থক্য হবে উইকেটে। ভালো ব্যাটিং উইকেট হবে। ওখানে রান সব সময় একটু বেশি হয়। মাঠটা একটু ছোট। হয়তো ওখানে ওয়েস্ট ইন্ডিজের জন্য অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে। তাই আমরা এই ম্যাচটিতে যতোটা সম্ভব ভালো করতে পারি সেই চেষ্টা থাকবে।’

গায়ানার উইকেট অনেকটা বাংলাদেশের মতো। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একমাত্র এখানকার উইকেটেই স্পিন ধরে। শুধু উইকটে নয় এখানকার মাটি ও ঘাসও বাংলাদেশের মতোই। সে কারণে এখানে সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বিষয়টির সঙ্গে সহমত প্রকাশ করেছেন সাকিব আল হাসান, ‘তাতো অবশ্যই। কারণ আমরা জানি যে পুরো ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একমাত্র গায়নার উইকেটটাতেই স্পিন ধরে। স্পিন সহায়ক না হলেও বাংলাদেশের মতোই। এখানকার ঘাস-মাটি এগুলো কিন্তু বাংলাদেশের মতোই। আমাদের জন্য এটা একটা ইতিবাচক দিক। এখানে আমরা দুটো ম্যাচ খেললাম (২০০৮ ও রোববার) দুটোর ফলই আমাদের পক্ষে এসেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা এই ম্যাচটি নিয়ে চিন্তা করছি।’