ঢাকার দোহারে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ হাজার আটশত পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কেরানীগঞ্জের ছাটগাও এলাকার মৃত হোসেনের ছেলে সোহেল আহমেদ (৩৯) একই গ্রামের সাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান মুন্না (৩৩), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ইছাম উদ্দিনের ছেলে মো. আলমগীর (২৮), দোহারের নিকড়া গ্রামের মৃত. সোহরাব বেপারির ছেলে ফিরোজুর রহমান ফিরোজ (৪৫), পূর্ব লটাখোলা গ্রামের আলম হোসেনের ছেলে মো. রুবেল (৩১), কক্সবাজারের কুতুবপালং এলাকার ফাইজুল ইসলামের ছেলে আনোয়ার সাদিক (২০), একই জেলার টেকনাফ থানার উখিয়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মো. সিদ্দিক (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল দোহারের নূরপুর, নিকড়া বাগানবাড়ি ও জয়পাড়া গাং পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮শ’ পিছ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন দোহার থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান, এসআই মো. ইব্রাহীম শেখ, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ একাধিক পুলিশ সদস্যরা। কিন্তু আয়নাল মিয়া (৩৬) নামে বড় মাদক ব্যবসায়ী পালিয়ে যান বলে জানায় পুলিশ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
