দেড় ঘণ্টার জন্য টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হয়ে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের উদ্দেশ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন। আর নিজ এলাকায় তিনি অবস্থান করবেন দেড় ঘণ্টার মতো।

বুধবার সকালে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় যাবেন বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেসুর রহমানের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এই সফরের সময়সূচি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-০১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দর যাবেন শেখ হাসিনা। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন টুঙ্গিপাড়ায়।

সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন বঙ্গবন্ধু কন্যা। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে করেই ফিরে আসবেন তিনি।

নতুন মন্ত্রিসভার সদস্যরাও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। আর প্রধানমন্ত্রী ও তার কেবিনেট সদস্যদের সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।’

জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।’

গত ৩০ ডিসেম্বরের ভোটে জয়ী আওয়ামী লীগের নেতৃত্বে টানা তৃতীয় সরকারের শপথ হতে যাচ্ছে বিকালে। সরকার গঠন বা জাতীয় দিবস, ভোটে জয় বা অন্য গুরুত্বপূর্ণ সময়ে জাতির জনকের প্রতি সব সময় শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।