কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন। একবারের বিপিএল চ্যাম্পিয়ন দল কুমিল্লাকে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।
তবে আছে কিছুটা স্বস্তির খবরও। টুর্নামেন্টের শেষের দিকে দলের সাথে যোগ দিবেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্র্যাঞ্চাইজির সদস্যের ভাষ্য মতে, ‘স্টিভ স্মিথ চলে যাচ্ছেন। ইনজুরির কারণে তাঁকে দেশে ফিরতে হচ্ছে। তবে তিনি আবার দলের সাথে যোগ দিবেন।’
রংপুরের বিপক্ষে কুমিল্লার সর্বশেষ ম্যাচে স্মিথদের ৬৩ রানে অল আউট করেছে মাশরাফিরা, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিন্ম স্কোর। এরপর কুমিল্লা পর পর দুই দিন অনুশীলন করেছে।
কিন্তু একদিনও ব্যাটিং করতে দেখা যায় নি স্মিথকে। গত বুধবার কুমিল্লার অনুশীলনে স্মিথকে ফিজিওর সাথে অনেকক্ষণ সময় কাটাতে দেখা যায়। ডান হাতে প্রায় ৪০ মিনিটের মতন মাস্যাজ করতে দেখা যায়।
বৃহস্পতিবারও অনুশীলনে এসে ব্যাট হাতে নেন নি স্মিথ। অনুশীলনে এসে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলতে দেখা গেছে তাঁকে। জানা গেছে, বিপিএলে আসার আগে থেকেই হাতে ব্যথা ছিল স্মিথের।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
