আর মাত্র তিন ম্যাচের বেশি প্রোটিয়া সুপারস্টার ডি ভিলিয়ার্সকে পাবে না রংপুর রাইডার্স।এমনকি রংপুর রাইডার্স ফাইনালে গেলেও তাতে খেলতে পারবেন না এবি ডি ভিলিয়ার্স। এ প্রোটিয়া তারকা চলে যাবেন ফাইনালের (প্লে’অফ পর্ব শুরুর আগে) আগে, গ্রুপ পর্ব শেষ করেই।
রংপুর রাইডার্স মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি আজ দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় এ তথ্য নিশ্চিত করেছেন।
রনি জানান, ‘ঢাকা পর্বে আমাদের শেষ ম্যাচটি খেলেই চলে যাবেন এ বি ডি ভিলিয়ার্স। এমনকি প্লে’অফ পর্বে কোয়ালিফায়ার বা এলিমিনেটর ম্য্যাচেও আমরা এবি ডি ভিলিয়ার্সকে পাব না। তিনি দেশে ফিরে যাবেন।’

গ্রুপ পর্বে এখনো ৩টি ম্যাচ বাকি রয়েছে রংপুরের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার ঢাকা ডায়নামাইটস এবং পরদিন রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় চলে আসবে রংপুর। পরে ২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লড়বে তারা।
রংপুরের হয়ে শুধু এ তিনটি ম্যাচেই খেলবেন ডি ভিলিয়ার্স। সুপার ফোর কিংবা প্লে’অফ পর্বের টিকিট পেলেও তাকে পাবে না রংপুর রাইডার্স।
এর আগে গত ১৭ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখেন ডি ভিলিয়ার্স। ১৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। সে ম্যাচে ২টি করে চার-ছক্কার মারে ২১ বলে ৩৪ রান করেন তিনি।
