ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সফল একটা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল।
দলের সবাই অবশ্য একসঙ্গে ফেরেননি। নিউ ইয়র্কে দিন কয়েকের অবকাশ যাপনের জন্য রয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ড গেছেন সৌম্য সরকার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে মাহমুদউল্লাহ উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ অন্যরা আজ দেশে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজে টেস্টে সিরিজটা বাংলাদেশের কেটেছিল দুঃস্বপ্নের মতো। দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হয়েছিল হোয়াইটওয়াশ। তবে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। যেটি ৯ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এই ফরম্যাটের সিরিজটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। ৬ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি হারলেও ফ্লোরিডায় শেষ দুই ম্যাচ জেতে বাংলাদেশ দল।
