করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ। শুক্রবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে রাত সাড়ে ৯টার দিকে এই চালান ঢাকায় পৌঁছবে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক শুক্রবার বিকালে এ তথ্য জানান। তিনি জানান, ‘সারাবিশ্বে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে।
আজ রাত সাড়ে ৯টার দিকে একটি বিশেষ বিমানে টিকা পৌছানোর কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা বিমানবন্দরে যাবেন বলেও জানান তিনি।
শামসুল হক জানান, বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এই টিকা দেশের শিক্ষার্থীদের দেওয়া হবে।
