দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

আজ বুধবার (১০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া থাকলেও দেশের নদীবন্দরগুলোকে কোনো সতর্কতা সংকেত দেয়নি দফতরটি।

এতে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার (১১ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।