বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মোটেও ভালো যাচ্ছে না জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের। বাংলাদেশের তারকা ব্যাটসম্যানদের প্রায় সবাই নিষ্প্রভ, অনুজ্জ্বল। কারো ব্যাটে রান নেই। চার ও ছক্কার ফুলঝুরির তো প্রশ্নই আসে না।

বাংলাদেশের তারকাদের মধ্যে মুশফিকুর রহিম ছাড়া সবচেয়ে বেশী রান মাহমুদউল্লাহ রিয়াদের। খুলনা টাইটান্স ক্যাপ্টেন ৪ খেলায় করেছেন ৭৬, সর্বোচ্চ ৩৩। স্ট্রাইকরেট ১০৪.১০। এছাড়া তামিম চার খেলায় করেছেন ৬০, সর্বোচ্চ ৩৫। স্ট্রাইকরেট তামিমের মানের ধারে কাছেও নেই; মাত্র ৮৪.৫০।
লিটন দাসের অবস্থা সবচেয়ে খারাপ। ব্যাটে ঝড় তোলা বহু দূরে, দেখে মনে হয় ব্যাটিংই ভুলে গিয়েছেন। তিন খেলায় লিটনের রান মোটে ১০, সর্বোচ্চ ৯। স্ট্রাইকরেট টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় অস্বাভাবিক কম; ৬২.৫০।
সৌম্য সরকারের অবস্থাও বেশ খারাপ। রাজশাহীর হয়ে খেলা এই বাঁহাতি ওপেনার চার খেলায় করেছেন মাত্র ৩৩। সর্বোচ্চ ১৮। স্ট্রাইকরেটও তার মানে বেশ কম, ৯৭.০৫।
স্টিভেন স্মিথ ইনজুরির কারণে দেশে ফেরার পর যার কাঁধে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্বের গুরু দায়িত্ব- সেই ইমরুল কায়েসও নিজেকে হারিয়ে খুঁজছেন। ৪ খেলায় ইমরুলের মোট রান ৩২, সর্বোচ্চ ২৪। স্ট্রাইকরেট ৭৮.০৪। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
