কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ (রোববার) বিকেলেই দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। দুবাই বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরতে পারেন তিনি। কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়া চেষ্টায় ছিলেন। তবে জানা যাচ্ছে, দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা আর নেই তার। তাই রোববার (১২ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটির টিকিট কিনেছেন ডা. সুরাত। এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটের ফার্স্টক্লাস ক্যাটাগরির টিকেট কেটেছেন মুরাদ হাসান।
এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।
শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
