দুটি ছবিই দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে:মাহি

ক্যারিয়ার শুরুর পর প্রায় প্রতি ঈদেই মুক্তি পেয়েছে মাহির নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এই কোরবানি ঈদে মুক্তি পায় মাহির ‘জান্নাত’। যেখানে দ্বিতীয়বারের মতো সায়মন সাদিকের সাথে জুটি বেঁধেছেন তিনি।

মুক্তির আগে থেকে ছবিটি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কম হল পেয়েছে ছবিটি। কম হল পেলেও দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন তাদের এই ছবিটি। অন্যদিকে এই ঈদে আরো একটি ছবি মুক্তি পায় মাহির। ‘মনে রেখো’ শিরোনামে এই ছবিটির হল সংখ্যা ভালো ছিল। কলকাতার বনি সেনগুপ্তের

সাথে জুটি বাঁধেন মাহি। ছবি দুটি প্রসঙ্গে মাহি বলেন, ‘এবার ঈদে আমার দুটি ছবি মুক্তি পায়। এটি বেশ ভালো লাগার একটি বিষয় আমার কাছে। কারণ ঈদের মতো সময়ে দুটি ছবির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। দুটি ছবিই দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। যদিও ‘জান্নাত’ ছবিটির হল সংখ্যা কম ছিল। তবে দ্বিতীয় সপ্তাহে হল বাড়তে শুরু করেছে।’ এদিকে কলকাতায় আগামীকাল মুক্তি পাচ্ছে মাহির নতুন যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। যেখানের তার বিপরীতে অভিনয় করেছেন সোহম, ওম ও আমান রেজা।

উল্লেখ্য, এবার ঈদে ৫টি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ৩টি ছবি মুক্তি পায়। আটকে যায় ‘বেপরোয়া ও ‘মাতাল’ ছবি দুটি।