আবারও বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন লঙ্কান গ্রেট রঙ্গনা হেরাথ। আগামী দুইটি বিশ্বকাপকে সামনে রেখে তার সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
গত জুন মাসে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। সাবেক এই লঙ্কান স্পিনারের সাথে বিসিবি ওই সময়ে নিয়োগ দিয়েছিল ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকেও। হেরাথের সাথে অবশ্য প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
গত বিশ্বকাপে বাংলাদেশ দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ধারনা করা হচ্ছিল গোটা কোচিং প্যানেলকেই ছাঁটাই করতে পারে বিসিবি। যেখনে বেশ কিছুদিন আগেই ফিল্ডিং কোচ রায়ান কুককে বিদায় করে দেয়া হয়েছে। এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গোর বরখাস্তের গুঞ্জনও চলছে বেশ কিছুদিন ধরেই।
তবে হেড কোচকে বরখাস্তের গুঞ্জন যখন তুঙ্গে তখন স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের সাথে চুক্তি নবায়ন করল বিসিবি। আগের চুক্তির মেয়াদ শেষ হবার পর অবশ্য হেরাথের স্পিন বোলিং কোচ থাকা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিশ্বকাপের পর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেললেও সেখানে বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল দেশীয় কোচদেরকেই।
নতুন করে হওয়া এই চুক্তিতে হেরাথ বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দুই বছর। এই চুক্তির মেয়াদ শেষ হবার কথা রয়েছে ২০২৩ সালের নভেম্বর মাসে। অর্থাৎ হেরাথের অধীনে থেকেই বাংলাদেশ দল খেলবে আগামী ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ যা অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই সাথে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হেরাথ।
সাবেক এই লঙ্কান স্পিনারের সাথে নতুন করে চুক্তি কার্যকর হতে শুরু করবে আগামী বছরের শুরু থেকেই। অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগেই দলের সাথে পুনরায় যোগ দিতে যাচ্ছেন হেরাথ।
