কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেছেন, আগামী দুই বছরের মধ্যে কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ আয়োজন হবে। একইসাথে কুমিল্লায় হোটেল সুবিধাসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।
এ ব্যাপারে নাফিসা বলেন, ‘মাত্র দুই মাস আগে কুমিল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামের পরিকল্পনা পাশ হয়েছে। একইসাথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামও। আমি আশা করি এবং বিশ্বাস করি, আগামী দুই বছরের মধ্যে কুমিল্লায় বিপিএল হবে ইনশাআল্লাহ্।’
তিনি আরও বলেন, ‘হোম আর অ্যাওয়ে যেটাই হোক, আমি কুমিল্লাতে বিপিএল হওয়াবোই। আমি এটার জন্য লড়বো। এখন স্টেডিয়াম নেই দেখে আমরা জোর গলায় বলতে পারি না।
আমরা যখন প্রথম দল নিয়ে আসি তখন বিপিএলে কোনো জেলা ছিল না। জেলা পর্যায়ের দল হিসেবে আমরাই প্রথম।
আমাদের লক্ষ্য ছিল কুমিল্লা নাম নিয়েই আমরা আসব। একই বিশ্বাস থেকে আমি বলছি, কুমিল্লা স্টেডিয়াম যেদিনই প্রস্তুত হবে, আমরা বিপিএল কুমিল্লায় নিব।’
এ সময় নাফিসা আশ্বাস দিলেন, প্রয়োজনে লোটাস কামাল গ্রুপ হোটেলসহ অন্যান্য সুবিধাদির বিষয়টিও দেখবে, ‘আমি পুরো সমর্থনের আশ্বাস দিচ্ছি।
স্টেডিয়াম তৈরি হয়ে গেলে বাকি সব সুযোগ-সুবিধা আমরাই করব। যেন বিপিএল কুমিল্লায় হয় দুই বছরের মধ্যে।’
তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো ফ্র্যাঞ্চাইজি, মনে হচ্ছে পুরো বিশ্ব নিয়ে চলছি। কুমিল্লা থেকে আমাদের দল মানুষের যে পরিমাণ ভালোবাসা, প্রত্যাশা, সমর্থন পায়… এটার চ্যালেঞ্জও আছে।
একজন নারী হয়ে কুমিল্লাকে প্রতিনিধিত্ব করছি, এটা অনেক সম্মানের। কুমিল্লার সমর্থন আমি সবসময় পাই। অন্য দল নিয়ে বিপিএলে আসতে পারতাম। কিন্তু কুমিল্লার কোনো দল ছাড়া আমি মাঠে নামতে পারব না।’
