এই প্রথম কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেলেও প্রথমবারের মতো আমরা এমন উৎসবে অংশ নিচ্ছি।’ আগামী ২০ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। সিউল-বাংলা ‘চলচ্চিত্র উৎসব’ নামের এই আয়োজনে ‘স্বপ্নজাল’ ছাড়াও দেখানো হবে বাংলাদেশের আরও তিনটি ছবি। এগুলো হলোÑ আকরাম খানের ‘খাঁচা’ (জয়া আহসান ও আজাদ আবুল কালাম), তৌকীর আহমেদের ‘হালদা’ (জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা ও মোশাররফ করিম) এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ (ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা)। উৎসবের আয়োজক সিউলে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি।
চলতি বছরের ৬ এপ্রিল সারাদেশে মুক্তি পায় ‘স্বপ্নজাল’। পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত এ ছবিটি এর পর মুক্তি পায় কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও কলকাতায়। ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। দেশের অন্যতম ব্লকব্লাস্টার ছবি ‘মনপুরা’র পর এটি গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় সৃষ্টি।
