দীপিকা কাকার হিনা খানের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন

‘বিগ বস ১২’র নির্মাতারা টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকরকে এই বছর অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে অভিনেত্রীও তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বলিউড লাইফ ডটকমের রিপোর্টে জানা গেছে, আসন্ন সিজনের জন্য হিনা খানের গত বছরের দ্বিগুণ পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে দীপিকাকে।

দীপিকার ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে বলিউড লাইফ জানতে পেরেছে, বিগ বস নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি সব সময়ই ছিলেন কিন্তু অনুষ্ঠানের অনুরাগী হওয়া সত্ত্বেও এতদিন তিনি রাজি হননি। শেষ পর্যন্ত তাঁকে যা অফার করা হয়েছে তা দেখার পর তিনি আর না বলতে পারেননি। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতেই এই চুক্তি হয়েছে।

গত বছর হিনা খান বিগ বসের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী ছিলেন। জানা গেছে, প্রতি সপ্তাহে তিনি ৭-৮ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। ওই সিজনে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন হিনা এবং টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে (ভাবিজি ঘর পার হ্যায়!-এর অভিনেত্রী) প্রথম স্থান লাভ করেছিলেন।

বিগ বগ ১২ সিজনের থিম হলো বিচিত্র জুটি অর্থাৎ এই বছর বিগ বসে স্বামী-স্ত্রী জুটিতে প্রবেশ করবে। বলিউড লাইফের রিপোর্টে প্রাথমিকভাবে জানা গেছে দীপিকা তাঁর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিগ বসের আসবেন।

দীপিকা এখনও তাঁর পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করেননি। তিনি ‘বিগ বস ১২-‘তে অংশগ্রহণ করতে চলেছেন। মঙ্গলবার গোয়াতে সালমান খান এই শোয়ের আনুষ্ঠানিক সূচনা করেছেন।